সারাদেশ

টাঙ্গাইলে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

টাঙ্গাইলে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
ছবিঃ ঢাকা প্রকাশ

টাঙ্গাইলের মধুপুরে ঘরে ঢুকে জালেমন (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জালেমন নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তার বাড়িতে গেলে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জালেমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার গলায় থাকা একটি সোনার চেইন এবং ঘরে থাকা মাটির ব্যাংকে জমা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

শনিবার (১ আগস্ট) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।