সারাদেশ
নওগাঁয় সুগন্ধি চালের অবৈধ মজুতদারকে ৩৫ হাজার টাকা জরিমানা
নওগাঁয় সুগন্ধি চালের অবৈধ মজুদ, সরবরাহে অনিয়ম এবং বস্তায় মিলগেট মূল্য উল্লেখ না করার অভিযোগে দুইটি অটো রাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (০৩ আগস্ট) দুপুরে শহরের ইয়াদ আলীর মোড় এলাকার বেলকন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জবার মোড় এলাকার টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
অভিযানে চাল মজুতের সঠিক তথ্য দিতে না পারায় বেলকন এগ্রো ইন্ডাস্ট্রিজকে ২০ হাজার টাকা এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রুবেল আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে সুগন্ধি ও আতপ চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। আগে যে চাল ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চাল ১৫ দিনের বেশি মজুদ রাখা যায় না। তবে অভিযানে দুই প্রতিষ্ঠান তাদের মজুত চালের সময়কাল সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি। এ কারণে জরিমানা করা হয়েছে।
এ সময় নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।