সারাদেশ

স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল আস্ত ব্লেড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল আস্ত ব্লেড
ছবিঃ সংগৃহীত

মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তার ছোট বোনের সঙ্গে রুটি ভাগ করে খাওয়ার সময় ব্লেডটি দেখতে পায় বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় শিশুদের খাবারের নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন।

অভিযোগ অনুযায়ী, গত ৬ আগস্ট স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পাওয়া বনরুটি বাড়িতে নিয়ে যায় হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম অর্চি। রাতে সে তার ছোট বোনের সঙ্গে রুটিটি ভাগ করে খাওয়ার সময় মাঝখানে একটি আস্ত ধারালো ব্লেড দেখতে পায়।

শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, রুটির ভেতর ব্লেড দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর রুটিটি বিদ্যালয়ে নিয়ে গিয়ে শিক্ষকদের দেখানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী জানান, ৯ আগস্ট এক অভিভাবক বিদ্যালয়ে এসে রুটিটি দেখান। রুটির মাঝ বরাবর একটি আস্ত ব্লেড ছিল। বিষয়টি পরে প্রধান শিক্ষিকাকে জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। পরে বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ ও রুটির ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

খামারপাড়া ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে।

তবে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন দাবি করেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। বিষয়টি তার জানা নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, তিনি বিষয়টি বৃহস্পতিবার জানতে পেরেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামও ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে বনরুটির ভেতর ব্লেড পাওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের জন্য সরবরাহ করা খাবারের প্রস্তুত, প্যাকেটজাতকরণ ও বিতরণ প্রক্রিয়ায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এর আগে চলতি বছরের ২২ জুলাই বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি টিফিনের রুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।