সারাদেশ
ইজারাদারের কর্মীকে মারধর, ত্রিশালের ইউএনও আরাফাতকে বদলি
ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় মারধরের অভিযোগটি ওঠে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী বালুমহালের অফিসকক্ষে প্রবেশ করে সেখানে থাকা কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চান।
এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে সারোয়ারকে থাপ্পড় মারেন বলে ফুটেজে দেখা যায়। পরে র্যাবের এক সদস্য সারোয়ারকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েক দফা আঘাত করেন।
ঘটনার পরদিনই ইউএনও আরাফাত সিদ্দিকীকে ত্রিশাল থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়নের আদেশ জারি করা হলো।