সারাদেশ
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর ৫ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন সাগর এলাকা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা। তিনি জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের আরও প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।
নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের চালকের কক্ষের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
পাঁচ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তাদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর শেষ পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।
এদিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।