সারাদেশ
চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
চাঁদপুরে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে সিএনজি যাত্রী মোহর আলী, তার বয়স ৬০ বছর। নিহত অপরজন সিএনজি চালক কবির মাল।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিতে ধাক্কা দেয়। পরে সিএনজিটি একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এতে সিএনজির চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় চারজন আহত হন। তাদের মধ্যে যাত্রী মোহর আলী ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসা নেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।