সারাদেশ

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ অভিযানে গ্রেপ্তার হন জয়নাল। পরিচয় পরিবর্তন করে প্রায় ২৭ বছর ধরে ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। পরে আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।