সারাদেশ

সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙচুর ও লুটপাট, ভেঙে গেল বিয়ে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙচুর ও লুটপাট, ভেঙে গেল বিয়ে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরপক্ষ কনে পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে।

স্থানীয় সূত্র ও কনেপক্ষের স্বজনদের জানান, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ের জন্য উপস্থিত হন। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে কনেপক্ষের কয়েকজন শিশু মজা করে বরের জুতা লুকিয়ে রাখে।

অভিযোগ রয়েছে, বিষয়টিকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে বরপক্ষ জানিয়ে দেয়, তারা আর বিয়ে করবেন না। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বরপক্ষের সদস্যরা কনের বাড়িতে হামলা চালিয়ে টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং লুটপাট চালান।

কনের খালা খাদিজা বেগম বলেন, বিয়ের জন্য বরকে উপহার হিসেবে স্মার্টফোন ও প্রায় দশ আনি ওজনের একটি স্বর্ণের চেইনের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া প্রায় ২০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন ছিল। তবে বরপক্ষের হট্টগোল ও বিয়ে না করেই চলে যাওয়ার কারণে সব আয়োজন ভেস্তে যায় এবং খাবার নষ্ট হয়ে যায়।