সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছেড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের প্রায় ১০০ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন। এ সময় ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন এম. আকবর আলী।

যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপিই দেশের জন্য ইতিবাচক কিছু করতে সক্ষম বলে তাদের মনে হয়েছে। সে কারণেই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় ১০০ নেতাকর্মী একসঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে আত্মগোপনে থাকায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বিএনপির আদর্শ, পাশাপাশি উল্লাপাড়া উপজেলার উন্নয়নে তার ভূমিকা ও পরিকল্পনার প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, নতুন যোগদানকারীদের পূর্ণিমাগাতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সক্রিয়ভাবে তার নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।