সারাদেশ
রংপুরে ইউএনও অফিস থেকে বের হয়েই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় থেকে বের হওয়ার পরপরই হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় অংশ নেন চেয়ারম্যান রাজু আহমেদ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।
সভা শেষে ইউএনও কার্যালয় থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হলে থানা রোডে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আব্দুল লতিফ শাহ বলেন, “চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশ ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”