সারাদেশ
গোবিন্দগঞ্জে অল্পের জন্য রক্ষা পেলেন করতোয়া এক্সপ্রেস টেনের যাত্রীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা হল্ট স্টেশন এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের চালকের বিচক্ষণতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ট্রেনের ধাক্কায় একটি ইটবোঝাই পাওয়ার ট্রলি ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে শালমারা রেলস্টেশন সংলগ্ন একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। শালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, শালমারা রেলস্টেশন এলাকার অরক্ষিত ক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপারের সময় সান্তাহার থেকে বুড়িমারিগামী করতোয়া এক্সপ্রেস (৭১৩) ট্রেনটি কাছাকাছি চলে আসে। বিপদের আশঙ্কা টের পেয়ে ট্রেনের চালক দ্রুত গতি কমান।
তবে গতি কমানো সত্ত্বেও ট্রেনটি পাওয়ার ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটির ইঞ্জিন অংশ আলাদা হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং জিআরপি পুলিশের সহায়তায় ট্রলিটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।