সারাদেশ

সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, নদীভাঙনের শঙ্কা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪২ পিএম

সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, নদীভাঙনের শঙ্কা
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই আবহাওয়া পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে জকিগঞ্জ অঞ্চলে। সোমবার কুশিয়ারা নদীর শহর রক্ষা বাঁধের অন্তত তিনটি জায়গায় ফাটল ও ভাঙন দেখা গেছে। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বলে জানা গেছে। এতে জকিগঞ্জ উপজেলার আশপাশের প্রায় ২৫-৩০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, কুশিয়ারা ও সুরমা নদীর পানি ক্রমাগত বাড়ছে। জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এমন ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির ফলে পাহাড়ি ঢল নেমে আসতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।