সারাদেশ
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গুলিবিদ্ধ অবস্থায় শফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলামের বুকে গুলি লেগেছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং রাতের আঁধারে সীমান্ত পাড়ি দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে।