সোশ্যাল মিডিয়া
সরকারকে ম্যানেজ করেছে আফ্রিদি ও তার বাবা, দাবি জাওয়াদ নির্ঝরের
দেশের রাজনৈতিক পরিবর্তনের পর আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সরকারকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করেই মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই বাবা-ছেলে।
নির্ঝরের ভাষ্য, “গত বছর হাসিনা সরকারের পতনের দাবিতে দেশজুড়ে যখন ছাত্র-জনতা উত্তাল, তখন তৌহিদ আফ্রিদি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানাতে টিকটকার ও ব্লগারদের টাকা দিতেন। তার পিতা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নাসিরুদ্দিন সাথী এক টেলিভিশন চ্যানেল দখল করে নিয়েছেন। তারা দুজনই অন্তত তিন থেকে চারটি মামলার আসামি। এরপরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না ইউনূস সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।”
তিনি প্রশ্ন রাখেন, “তাদের গায়ে একটি বাতাসও লাগছে না কেন? তারা জন্মদিন পালন করছে, রেস্টুরেন্টে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে—কিন্তু পুলিশের চোখে তারা নিখোঁজ!”
নির্ঝরের বক্তব্যে আরও বলা হয়, “সরকার তাদের গ্রেপ্তার করছে না, কারণ আফ্রিদি ও তার পিতা নাসিরুদ্দিন সাথী বিপুল অর্থের বিনিময়ে সরকারকে ম্যানেজ করেছেন।”
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও জুলাই আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদির কিছু ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারপন্থি প্রচারণার অভিযোগ ওঠে। এছাড়াও তার বাবার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।