খেলা
৯ বছর পর পাকিস্তান বধ, দুর্দান্ত জয়ে এগিয়ে বাংলাদেশ
দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে দিয়ে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান পারভেজ হোসেন ইমনের। ৩৯ বলের ইনিংসে ৩টি চার আর ৫টি বিশাল ছক্কায় ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাটিং তাণ্ডবেই দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
এর আগে সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।
পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়। ব্যতিক্রম ছিলেন শুধু ওপেনার ফখর জামান, যিনি ৪৪ রান করেন। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি।

বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৩.৩ ওভারে ২২ রানে নেন ৩টি উইকেট। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। এই পারফরম্যান্সে তিনি গড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড।
১১১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। প্রথম ওভারে ১ রানে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার পথ ধরে একই স্কোরে আউট হন অধিনায়ক লিটন কুমার দাসও।

এরপর চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন হৃদয় ও ইমন। তৃতীয় উইকেটে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান তারা। হৃদয় ৩৬ রান করে ফিরলেও, ইমন ছিলেন অবিচল। শেষ পর্যন্ত জাকের আলিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ ওপেনার।
বাংলাদেশের হয়ে এটি পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয়, তবে দীর্ঘ সময় পর পাওয়া এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। পরের ম্যাচে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে টাইগাররা।