খেলা

চেহারায় ইয়ামালের ছায়া, রাতারাতি ভাইরাল কেরালার অ্যালেন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

চেহারায় ইয়ামালের ছায়া, রাতারাতি ভাইরাল কেরালার অ্যালেন
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের সঙ্গে চেহারার দারুণ মিল। আর সেই মিলেই রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভারতের কেরালার ১৫ বছর বয়সী কিশোর অ্যালেন জেমস।

কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা অ্যালেন দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি দেখে অনেকেই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন এটি অ্যালেন, নাকি বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল!

চুলের ধরন, মুখের গড়ন ও হাসিতে ইয়ামালের সঙ্গে অ্যালেনের বেশ মিল রয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার ছবি ও ভিডিওতে ইয়ামালের সঙ্গে তুলনা করছেন।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বার্সেলোনার নীল-লাল জার্সি পরে ফুটবল নিয়ে ড্রিবল করছেন অ্যালেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তাকে ঘিরে বাড়তে থাকে মানুষের কৌতূহল।

অ্যালেনের বন্ধু ও স্কুলের সহপাঠীরা আগে থেকেই তার চেহারার সঙ্গে ইয়ামালের মিল নিয়ে মজা করতেন। তবে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের নজরে আসে। অনেকে মজা করে তাকে বিভিন্ন নামেও ডাকতে শুরু করেন।

মজার বিষয় হলো, অ্যালেন নিজেও ফুটবলের সঙ্গে যুক্ত। স্কুল দলের হয়ে ডিফেন্ডার হিসেবে খেলেন তিনি। বিশ্ব ফুটবলের আলোচিত তরুণ তারকা ইয়ামালের সঙ্গে চেহারার মিলের পাশাপাশি অ্যালেনের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততাও বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভাইরাল হওয়ার পর কয়েক দিনের মধ্যেই অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েক শ থেকে কয়েক হাজারে পৌঁছে যায়। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।

তবে ইয়ামালের সঙ্গে এতটা মিল থাকলেও অ্যালেনের প্রিয় ফুটবলার ইয়ামাল নন। তার পছন্দের খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা উপভোগ করলেও অ্যালেন আপাতত পড়াশোনা ও ফুটবল নিয়েই এগিয়ে যেতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকে পাশে রেখে তার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়া।

সূত্র: এনডিটিভি