খেলা

তৃতীয় বিয়েও টিকছে না? শোয়েব ও সানা জাবেদের সংসার ভাঙনের গুঞ্জন!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

তৃতীয় বিয়েও টিকছে না? শোয়েব ও সানা জাবেদের সংসার ভাঙনের গুঞ্জন!
শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাবেদ। ছবি: সংগৃহীত

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সাবেক স্বামী এবং পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ফের আলোচনায়, এবার কারণ তার ব্যক্তিগত জীবন। পাকিস্তানি সংবাদমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, মালিকের তৃতীয় দাম্পত্য জীবনেও দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।

২০২৪ সালের শুরুতে অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেছিলেন শোয়েব মালিক। তবে এক বছরের মাথায়ই তাদের সংসার নাকি টালমাটাল।

shoaib_sana1_Dhakaprokash.jpg

সম্পর্কের টানাপড়েন নিয়ে মুখ না খুললেও, সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন মালিক, পাশে দাঁড়িয়ে আছেন সানা, কিন্তু একে অপরের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই—একেবারে উপেক্ষা করেই চলছেন দুজন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর চর্চা। কেউ বলছেন, "দাম্পত্য জীবনে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত", আবার কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিক দাম্পত্য ঝগড়া বলেই ব্যাখ্যা করছেন।

তবে এই বিতর্কে এখনও পর্যন্ত শোয়েব মালিক বা সানা জাবেদ কেউই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।

shoaib_sana2_Dhakaprokash.jpg

এর আগে মালিকের প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে, যা ৮ বছর টিকেছিল। এরপর ২০১০ সালে তিনি বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। তাদের একমাত্র ছেলে ইজহান এখন সানিয়ার সঙ্গেই থাকেন। তবে বহুদিন ধরে গুঞ্জনের পর ২০২৪ সালে সানিয়া-মালিক দম্পতির বিচ্ছেদ নিশ্চিত হয়।

সানিয়ার পরিবার তখন বলেছিল, “সানিয়া সবসময় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেছেন। তিনি শোয়েব মালিকের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।”

৪৩ বছর বয়সী শোয়েব মালিক পাকিস্তান ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন তিনি অধিনায়ক হিসেবে। জাতীয় দলের হয়ে মালিক খেলেছেন ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ১,৮৯৮ টেস্ট রান, ৭,৫৩৪ ওয়ানডে রান ও ২,৪৩৫ টি-টোয়েন্টি রান। পাশাপাশি বোলিংয়েও রেখেছেন অবদান— টেস্টে ৩২, ওয়ানডেতে ১৫৮ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে মালিকের শেষ ম্যাচ ছিল ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ ২০২৫ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি।