খেলা
বিসিবি নির্বাচন স্থগিত না করায় ক্রিকেট বর্জনের ঘোষণা দিল ৪৮টি ক্লাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের প্রতিবাদে দেশের ক্রিকেটে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নির্বাচন স্থগিত না করায় ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার ক্রিকেট নিয়ন্ত্রণে থাকা ৪৮টি ক্লাব। পাশাপাশি তারা সদ্য নির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে "অবৈধ" বলে দাবি করেছে।
গত কিছুদিন ধরেই বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার বেশিরভাগ ক্লাব সংগঠক নির্বাচন বয়কটের ঘোষণা দেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের দাবি না মানা হলে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত জানায় তারা।
এর আগে গত ৪ অক্টোবর বিসিবির নির্বাচন পেছানোর দাবি সহ তিন দফা শর্ত দিয়েছিল এই সংগঠকরা। দাবিগুলোর মধ্যে ছিল— বর্তমান (বিগত) নির্বাহী কমিটির মেয়াদ বাড়িয়ে নতুন নির্বাচনের জন্য পুনঃতফসিল ঘোষণা, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটি গঠন এবং নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশনের অধীনে ভোট আয়োজন। এ বিষয়ে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিলেন তারা।
তবে এসব দাবি উপেক্ষা করে ৬ অক্টোবর নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন সম্পন্ন হয় এবং নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এরই প্রতিবাদে আজ (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৪৮টি ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি জানান, আসন্ন ঘরোয়া মৌসুমে তাদের ক্লাবগুলো আর কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। একই সঙ্গে তিনি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি বলে উল্লেখ করেন এবং ‘বিদ্রোহী ক্লাব’ শব্দবন্ধে আপত্তি জানান। তার ভাষায়, “আমরা কেউ বিদ্রোহ করছি না, বরং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি।”