খেলা

ক্রিকেটের মাঠ থেকে জীবনের ইনিংস শুরু, বিয়ে করছেন স্মৃতি মান্ধানা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

ক্রিকেটের মাঠ থেকে জীবনের ইনিংস শুরু, বিয়ে করছেন স্মৃতি মান্ধানা
স্মৃতি মান্ধানা ও পলাশ মুছাল। ছবি: সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন- এমন খবরে মুখর সামাজিক মাধ্যম। এবার সেই গুঞ্জনের অনেকটাই সত্যতা মিলল। ইন্দোরের রাজ্য প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্মৃতির সঙ্গে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন সংগীত পরিচালক পলাশ মুছাল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলাশ বলেন, “সে (স্মৃতি) খুব শিগগিরই ইন্দোরের বউ হতে যাচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি। আপনাদের আমি হেডলাইন দিয়ে দিলাম।”

smriti_mandhana1_Dhakaprokash.jpg

যদিও এখনো স্মৃতি মান্ধানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে পলাশের মন্তব্যে জল্পনা অনেকটাই স্পষ্ট হয়েছে।

গায়িকা পলক মুছালের ভাই পলাশ মুছাল নিজেও একজন সংগীত পরিচালক ও নির্মাতা। মাত্র ৩০ বছর বয়সেই তিনি টি-সিরিজ, জি মিউজিকসহ শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেছেন। পরিচালনা করেছেন একটি ওয়েব সিরিজও।

জানা যায়, মুম্বাইয়ে গান শেখার সূত্রে স্মৃতি ও পলাশের পরিচয়। ২০১৯ সাল থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ক্যাপশনে সে সম্পর্কের ইঙ্গিতও মিলেছে।

smriti_mandhana2_Dhakaprokash.jpg

গত বছর মে মাসে স্মৃতি ইনস্টাগ্রামে পলাশের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন বয়। সামনের দারুণ বছরের জন্য শুভকামনা। ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।”

বর্তমানে বাংলাদেশের মাটিতে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই আসরেও দুর্দান্ত ফর্মে আছেন স্মৃতি মান্ধানা। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ২২২ রান। সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

দলের সফলতায় খুশি পলাশ নিজেও স্মৃতি ও ভারতীয় দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। বলেন, “হারমানপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানাকে শুভকামনা। আমরা চাই ভারত সবসময় জিতুক এবং দেশের গৌরব বাড়াক।”