খেলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) মেডিকেল বিভাগ জানিয়েছে, শুরুতে রিয়াদ জ্বরে আক্রান্ত হন। পরে ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। ইনজুরি থেকে সেরে উঠতে নিয়মিত রিহ্যাব সেশনও করছিলেন তিনি। এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাকে মাঠের বাইরে থাকতে হলো আরও কিছুদিনের জন্য।

 

mahmudul-1-Dhaka Prokah News-30-10-2025.jpg
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াদের শারীরিক অবস্থার আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশাবাদী, সবকিছু ঠিক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা ও সতীর্থ খেলোয়াড়রা।