খেলা
ভারতের বিশ্বকাপজয়ী নারী দলকে বিসিসিআইয়ের প্রায় ৭১ কোটির বিশেষ পুরস্কার
নারী বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যে ভারতীয় নারী ক্রিকেট দলকে ৫১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের।
সোমবার (৩ নভেম্বর) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের নারী দল প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ জিতেছে।
বিবৃতিতে সাইকিয়া বলেন, ‘বিসিসিআই এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত। আইসিসির পুরস্কার তহবিল থেকে নয়, নিজস্ব অর্থায়নেই বোর্ড ভারতীয় নারী দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। এই অর্থ খেলোয়াড়দের পাশাপাশি নির্বাচক ও প্রধান কোচ অমোল মুজুমদারকে নিয়ে পুরো সাপোর্ট স্টাফের মধ্যে বণ্টন করা হবে।’
এই পুরস্কারটি আইসিসির নির্ধারিত বিজয়ী অর্থের অতিরিক্ত। টুর্নামেন্টের আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নারী বিশ্বকাপের পুরস্কারমূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। নতুন নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪২ কোটি রুপি)।
এটি ২০২২ সালে অস্ট্রেলিয়া নারী দল যে অর্থ পেয়েছিল (১.৩২ মিলিয়ন ডলার) তার তুলনায় প্রায় তিনগুণ বেশি, এবং ২০২৩ সালে আহমেদাবাদে ভারতকে হারিয়ে শিরোপা জেতা অস্ট্রেলিয়া পুরুষ দলের পুরস্কার (৪ মিলিয়ন ডলার)-এর চেয়েও বেশি।