খেলা
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা
আইসিসি টি–২০ বিশ্বকাপে বাংলাদেশ আদৌ অংশ নিতে পারবে কি না-এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দেশের ক্রিকেট। কয়েক সপ্তাহ আগেও যেখানে বিশ্বকাপের প্রস্তুতি ছিল পুরোদমে, সেখানে এখন প্রশ্ন উঠেছে টাইগারদের বিশ্বমঞ্চে দেখা যাবে কি না। এই অনিশ্চয়তা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
পরিস্থিতির মোড় ঘুরে যায় হঠাৎ করেই। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলে বিষয়টি নতুন মাত্রা পায়। এরপর বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিশ্বকাপেও ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়। বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আলোচনায় আনা হয়।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এসব প্রস্তাবে সায় দেয়নি বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বার্তা সংস্থা এএফপি আইসিসির সূত্রের বরাতে জানিয়েছে, বাংলাদেশ অংশগ্রহণ না করলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে বুধবারের (কাল) মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বলেও উল্লেখ করা হয়।
তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি বাংলাদেশকে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন দেয়নি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি বাংলাদেশে এসে বিসিবির প্রতিনিধি ও দলের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয়। বিকল্প ভেন্যুর বিষয়ে আইসিসির প্রতিনিধির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
আমজাদ হোসেন আরও বলেন, আইসিসির প্রতিনিধি তাদের জানিয়েছেন যে, বিষয়গুলো আইসিসির কাছে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। তবে কবে বা কোন তারিখে সিদ্ধান্ত জানানো হবে—এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
এই টানাপোড়েনের ফলে অনিশ্চয়তায় পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত না থাকায় দলের প্রস্তুতিও কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্বকাপ খেলা হবে কি না—এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
এদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আলোচনা তুঙ্গে। আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা পেতে পারে। তবে এসব সংবাদকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিসিবি।
সব মিলিয়ে আইসিসি ও বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের টি–২০ বিশ্বকাপ যাত্রা কোন পথে মোড় নেয়, সে উত্তর এখন সময়ের অপেক্ষা।