খেলা
বয়সে বড় আর্জেন্টাইন র্যাপারের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন
১৮তম জন্মদিন কাটতেই বার্সা সেনসেশন লামিন ইয়ামাল আবারও ফিরেছেন আলোচনায়—তবে এবার কারণ ফুটবল নয়, বরং প্রেম! গুঞ্জন উঠেছে, আর্জেন্টিনার জনপ্রিয় র্যাপার ও পপ তারকা নিকি নিকোল-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই কিশোর ফুটবল তারকা।
স্প্যানিশ গসিপ সাংবাদিক হাভি দে হোইওস দাবি করেছেন, ইয়ামালের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নিকি। সেখানেই নাকি শুরু হয় হালকা ফ্লার্টিং। এরপর জুলাইয়ের ২৪ তারিখ, এক বিচ ক্লাবে দু’জনকে একসঙ্গে দেখা যায়। হাভির ভাষ্যমতে, তারা একে অপরকে চুম্বন করেন এবং রাত গভীর হলে একসঙ্গেই ক্লাব ত্যাগ করেন। যদিও বিষয়টি নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

নিকি নিকোল, যার পুরো নাম নিকোল ডেনিস কুকো, এর আগেও সম্পর্কের গুঞ্জনে ছিলেন। বছরের শুরুতে তার নাম জড়ায় আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ-এর সঙ্গে। এনজোর দীর্ঘদিনের সঙ্গী ভ্যালেন্তিনা সেরভান্তেসের সঙ্গে বিচ্ছেদের পর, নিকি ও এনজোকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়—রাতের ক্লাব থেকে শুরু করে ইনস্টাগ্রামে ফ্লার্টি কমেন্ট, সবই ছিল আলোচনার কেন্দ্রে।
এছাড়াও নিকির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে মেক্সিকান র্যাপার পেসো প্লুমা এবং ফর্মুলা-১ রেসার ফ্রাঙ্কো কোলাপিন্তো-র সঙ্গেও।
রোসারিও শহর থেকে উঠে আসা এই তরুণী কিশোর বয়সেই র্যাপ ব্যাটলের মঞ্চে ঝড় তোলেন। সাহসী গান ও নারীবাদী বার্তার জন্য জনপ্রিয়তা পায়। তাঁর গাওয়া "Wapo Traketero" এবং "Ella No Es Tuya" আন্তর্জাতিকভাবে দারুণ জনপ্রিয় হয়। এমনকি, ২০২১ সালে বারাক ওবামার সামার প্লেলিস্ট-এও জায়গা করে নেয় তার গান। পারফর্ম করেছেন জিমি ফ্যালনের টকশো থেকে শুরু করে কোচেল্লার মঞ্চেও।

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়া ইয়ামালকে অনেকেই দেখছেন ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের বাইরে এখন ব্যক্তিগত জীবনেও তারকা হয়ে উঠছেন তিনি।
সবটাই এখনো গুঞ্জন। কেউই বিষয়টি নিশ্চিত করেননি। তবে যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে তারকাখচিত এক রোমাঞ্চকর জুটি—একদিকে ফুটবলের বিস্ময় বালক, অন্যদিকে লাতিন পপ আইকন!