খেলা
হামজা-জায়ানের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, আশ্বস্ত করলেন কোচ কাবরেরা
ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ জুড়ে লড়াইয়ের সঙ্গে সমর্থকদের দুশ্চিন্তাও ছিল- ইনজুরিতে মাঠ ছাড়েন হামজা চৌধুরী ও জায়ান আহমেদ।
তবে শেষ পর্যন্ত স্বস্তির বার্তা দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। গুরুতর কোনো চোট নয় বলেই জানান তিনি। ম্যাচের প্রায় ৮০ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করলে বদলি হন লেস্টার সিটির ফুটবলার হামজা। এর আগেই হালকা ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় জায়ানকে।
সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘না, বড় কোনো সমস্যা নেই। দু’জনেরই মাংসপেশিতে সামান্য টান পড়েছে। তারা ভারত ম্যাচের জন্য ফিট থাকবে বলে আশা করছি।’
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে নেপাল ম্যাচটিকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছিলেন বাংলাদেশ কোচ। তবে কাঙ্ক্ষিত জয় না পেয়ে কিছুটা হতাশ কাবরেরা। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা ভালো খেলেছি, কিন্তু ধারাবাহিকতা ছিল না। পুরো ম্যাচে পরিকল্পনা মতো আক্রমণ সাজাতে পারিনি—এটাই হতাশার।’
নেপাল ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন ভারতের বিপক্ষে না হয়, সেই লক্ষ্যেই শুরু হবে পরবর্তী অনুশীলন। কাবরেরা জানান, ‘আমাদের হাতে এখন চার দিন সময় আছে। ভিডিও বিশ্লেষণ করে ভুলগুলো ঠিক করব। ভারতের বিপক্ষে তিন পয়েন্টই একমাত্র লক্ষ্য।’