খেলা
১৫ বছর বয়সেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই উদীয়মান ক্রিকেটার। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে তার।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে। সেই দলে সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী।
দল ঘোষণায় আরও একটি বড় চমক দেখা গেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাখা হয়নি এই দুই সিরিজের দলে। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে।
ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারলেই ভারতের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়বেন বৈভব সূর্যবংশী। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় টি-টোয়েন্টি দলে রয়েছেন- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।