খেলা
বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার ঘোষণা দিলেন ইয়ামাল
বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল ভক্তদের জন্য ব্যতিক্রমী এক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিততে পারলে টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, বিশ্বকাপ শিরোপা জিততে পারলে তিনি তার এই অঙ্গীকার পূরণ করবেন। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ আসর।
বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি ২০২৪ ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামাল বলেন, আসরের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে খেলতে হয় এবং নিজের পারফরম্যান্সে মনোযোগী থাকতে হয়, কারণ বড় টুর্নামেন্ট দীর্ঘ পথের লড়াই।
ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতি ব্যক্ত করেন ইয়ামাল। তিনি স্বীকার করেন, একসময় মনে হয়েছিল এই পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। তবে পরে তিনি উপলব্ধি করেন, তখনো তিনি সেই পর্যায়ে পৌঁছাননি এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি বোঝার মতো পরিণত হননি। তাই উসমান দেম্বেলের জয়কে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন ইয়ামাল। তার ভাষায়, ফরাসি এই তারকা নিয়মিত তাকে পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিক সমর্থন জুগিয়েছেন, যা তার ব্যক্তিগত ও পেশাদার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। এরপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে দলটি।
সূত্র: স্ট্রিভার ফুটবল