খেলা

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:১১ পিএম

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে দারুণ ছন্দে দেখা গেছে আর্জেন্টিনাকে। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও গোল হজম না করে টানা জয় তুলে নিয়েছে দলটি। হন্ডুরাসকে ২-০ এবং আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখছে আকাশি-সাদারা।

বুধবার (১০ জুন) অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ভালেন্তিন বার্কোর গোলে প্রথমার্ধে লিড নেয় দলটি।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পেনাল্টি পায় আর্জেন্টিনা, স্পট কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান মেসি। শেষ দিকে থিয়াগো আলমাদার গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বক্সের বাইরে থেকে তার বাড়ানো পাস থেকে আক্রমণ তৈরি হয়, রদ্রিগো দে পলের নিচু ক্রসে আলমাদা গোল করে ব্যবধান ৩-০ করেন।

এর আগে হন্ডুরাসের বিপক্ষেও জয় পেয়েছিল কোচ লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে মেসি না খেললেও পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। পরে জুলিয়ানো সিমিওনে আরেকটি গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন।

দুই ম্যাচে দলের প্রায় সব খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পেয়েছেন। মোট পাঁচটি গোল করেছে আর্জেন্টিনা, বিপরীতে একটি গোলও হজম করতে হয়নি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি দারুণভাবেই সম্পন্ন করেছে দলটি।