খেলা

সাবস্ক্রিপশন নিয়েও বিশ্বকাপ দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

সাবস্ক্রিপশন নিয়েও বিশ্বকাপ দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের চাহিদা দ্রুত বাড়লেও বাংলাদেশে এসব সেবায় ভোগান্তির অভিযোগ থামছেই না। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে নানা সমস্যায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকরা।

অনেক জটিলতার পর দেশে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার শুরু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি ম্যাচ দেখাচ্ছে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মেও সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি, টফি, বায়োস্কোপ ও আইস্ক্রিনে খেলা দেখার সুযোগ রাখা হয়।

তবে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন। বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেক গ্রাহক নিজেদের প্রতারিত দাবি করেছেন।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, লাইভ স্ট্রিমিংয়ের সময় বারবার বাফারিং, ওটিপি কোড না পাওয়া এবং অ্যাপে লগইন করতে না পারার মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে বাংলালিংকের টফি। অনেক ব্যবহারকারী ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, টফি ব্যবহারকারীদের ‘টুপি’ পরিয়ে দিয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, বড় ম্যাচের সময় সার্ভার ঠিকমতো কাজ করে না, ফলে খেলা উপভোগ করা সম্ভব হচ্ছে না।

এদিকে আইস্ক্রিনেও একই ধরনের সমস্যার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কিছু গ্রাহক ভোক্তা অধিকারে অভিযোগ জানানো কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন।

টফির দুঃখপ্রকাশ:

গ্রাহকদের সমালোচনার মুখে টফি এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ডিজিটাল সম্প্রচার ফিড সংক্রান্ত জটিলতার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটছে। সমস্যার সমাধানে তারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।