খেলা

স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:১১ এএম

স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে
ছবি: সংগৃহীত

‘লক্ষ্য যত বড়, জয় তত মহিমান্বিত’ আফ্রিকান কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার সেই বাণী যেন বাস্তবে রূপ দিল কেপ ভার্দে। বিশ্বকাপের মঞ্চে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। পুরো ম্যাচজুড়ে স্পেন একের পর এক আক্রমণ চালালেও সেগুলো অসাধারণ দক্ষতায় প্রতিহত করে কেপ ভার্দে।

দলের গোলরক্ষক ভোজিনহা ছিলেন ম্যাচের নায়ক। একাধিক নিশ্চিত গোল ঠেকিয়ে তিনি যেন রক্ষণভাগের শেষ প্রাচীর হয়ে দাঁড়ান। তার অসাধারণ সেভে হতাশ হতে হয় স্পেনকে।

প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের খেলায় ছিল আত্মবিশ্বাস ও শৃঙ্খলার ছাপ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা দেখিয়েছে দুর্দান্ত নৈপুণ্য। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে।

পরিসংখ্যানে স্পেনের একচ্ছত্র আধিপত্য দেখা যায়। তারা ৭৪ শতাংশ বল দখলে রেখে ২৭টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে কেপ ভার্দে ২৬ শতাংশ বল দখলে রেখে ৬টি শট নেয়, যার মাত্র একটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৫তম মিনিটে পেদ্রির জোরালো শট ঠেকিয়ে দেন ভোজিনহা। ৩৮তম মিনিটে কুকুরেলার পাস থেকে তোরেসের শট গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মিকেল ওয়ারজাবালের হেডও দারুণ সেভে প্রতিহত করেন গোলরক্ষক।

৪৩তম মিনিটে আবারও পেদ্রির শট আটকে দেন ভোজিনহা। যোগ করা সময়েও নিশ্চিত গোল বাঁচিয়ে স্পেনকে হতাশ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে কেপ ভার্দে লো-ব্লক ডিফেন্সে থেকে সব আক্রমণ প্রতিহত করে। গোলের খোঁজে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে রামিনে ইয়ামাল, দানি ওলমো ও নিকো উইলিয়ামসকে মাঠে নামালেও কোনো লাভ হয়নি।

শেষ পর্যন্ত দৃঢ় রক্ষণ আর দুর্দান্ত গোলরক্ষণের ওপর ভর করে স্পেনকে রুখে দিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লিখে কেপ ভার্দে।