খেলা

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

শুরুতেই পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চমক দেখায় কঙ্গো। ম্যাচের সপ্তম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বের বাড়ানো বল থেকে ব্রায়ান সিপেঙ্গা দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। ফলে এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় কঙ্গো।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ইংল্যান্ড। একের পর এক সুযোগ তৈরি করার পর অবশেষে পঁচাত্তরতম মিনিটে সমতায় ফেরে তারা। গর্ডনের বাড়ানো বলে মাথা ছুঁইয়ে জালে বল জড়িয়ে নিজের প্রথম গোল করেন হ্যারি কেইন।

সমতায় ফেরার পরও আক্রমণ অব্যাহত রাখে ইংল্যান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে আবারও গর্ডনের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে কঙ্গোর জালে বল পাঠান কেইন। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় কঙ্গো। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৩-তে উন্নীত করেছেন হ্যারি কেইন। এর মধ্য দিয়ে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।

আগামী শনিবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।