খেলা

ভিনিসিয়ুস থাকতেও পেনাল্টিতে গুইমারেসকে বেছে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

ভিনিসিয়ুস থাকতেও পেনাল্টিতে গুইমারেসকে বেছে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর হতাশ মুখেই সংবাদ সম্মেলনে হাজির হন ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের শুরুতেই পাওয়া গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল করতে না পারাই দলের ছন্দ নষ্ট করেছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের বদলে কেন ব্রুনো গুইমারেসকে পেনাল্টির দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বিষয়েও ব্যাখ্যা দেন এই ইতালীয় কোচ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে সেই সুযোগ হাতছাড়া হয়। এরপর থেকেই দলের আত্মবিশ্বাসে প্রভাব পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠে ভিনিসিয়ুস জুনিয়র ও ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ ফুটবলার থাকলেও কেন গুইমারেস পেনাল্টি নিলেন—এ প্রশ্নই ছিল সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে সবার আগে নেইমার, এরপর রাফিনিয়া। তবে সেই সময় মাঠে যারা ছিল, তাদের মধ্যে ব্রুনোই ছিল সবচেয়ে উপযুক্ত। তাই দায়িত্ব তাকে দেওয়া হয়।’

তিনি আরও জানান, ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্রম আগেই কোচিং স্টাফ নির্ধারণ করে রেখেছিল। সেই তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির আগেই ছিলেন ব্রুনো গুইমারেস। আর যাঁরা তার আগে ছিলেন, তাঁরা তখন মাঠে ছিলেন না।

ষষ্ঠ বিশ্ব শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ কোচ আনচেলত্তি।

তিনি বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক। সমর্থকদের মতো আমরাও খুবই হতাশ ও দুঃখিত।’

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ব্রাজিল কোচ জানান, ‘খেলা যখন সমতায় ছিল, তখন আমরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। সেটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।’

দ্বিতীয়ার্ধে এন্ড্রিক ও নেইমার মাঠে নামার পর আক্রমণের গতি বাড়লেও গোলের দেখা মেলেনি। বিশেষ করে গোলরক্ষকের মুখোমুখি হয়েও নিশ্চিত একটি সুযোগ নষ্ট করেন এন্ড্রিক।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এন্ড্রিক মাঠে নামার পর আমরা আক্রমণে আরও সক্রিয় ছিলাম, বলের নিয়ন্ত্রণও ছিল আমাদের কাছে। কিন্তু এত কিছুর পরও গোল করতে পারিনি।’