খেলা

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর
ছবি: সংগৃহীত

৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিশর। শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে ম্যাচে নাটকীয় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল ফেডারেশন। সংস্থাটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে লিখিত অভিযোগ দিয়ে ম্যাচে কারসাজির অভিযোগও তুলেছে।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগপত্রে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের মান নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং একটি স্পষ্ট পেনাল্টির আবেদন উপেক্ষা করা হয়েছে। এসব সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেছে তারা। এ বিষয়ে এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে মিশর।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফও। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান কোচ হোসাম হাসানও অভিযোগ করেন, ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ব্যবসায়িক স্বার্থে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগপত্রে বিতর্কিত সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি সেগুলোর স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে মিশর। এছাড়া গুরুতর ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আবেদন করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাদের দাবি, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তার সহকারী কর্মকর্তাদের ভূমিকা ছিল নির্ণায়ক।

বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে অতীতেও নানা বিতর্ক হয়েছে। সাম্প্রতিক সময়েও একাধিক ম্যাচের সিদ্ধান্ত ঘিরে আলোচনা-সমালোচনা হয়েছে। মিশরের এই আনুষ্ঠানিক অভিযোগ সেই বিতর্ককে আরও উসকে দিল।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েও অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।