খেলা

সবই টাকার খেলা: বিশ্বকাপে হেরে পক্ষপাতের অভিযোগ মিশর কোচের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

সবই টাকার খেলা: বিশ্বকাপে হেরে পক্ষপাতের অভিযোগ মিশর কোচের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে মিশরকে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে পিছিয়ে দিয়েও শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায় আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সিদ্ধান্ত গেছে তাদের বিপক্ষে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘সবই টাকার খেলা। তারা চায় লিওনেল মেসি টুর্নামেন্টে থাকুক। মাঠের বাইরের স্বার্থ ফুটবলে প্রভাব ফেলছে। যা হয়েছে, তা অন্যায্য। আমাদেরই পরের পর্বে যাওয়া উচিত ছিল। আর্জেন্টিনার বিপক্ষে আমরাই ভালো খেলেছি।’

এই বিতর্কের জেরে বিশ্বকাপের বাকি ম্যাচ আর দেখবেন না বলেও জানান তিনি। হাসান বলেন, ‘আমি দেশে ফিরে যাচ্ছি। বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখব না। আমাদের সঙ্গে যা হয়েছে, তা ন্যায়সঙ্গত নয়। আমরা একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল, একটি গোলও বাতিল করা হয়েছে—কেন বাতিল হলো, জানি না।’

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা একটি গোল ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগে বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষদিকে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন জানালেও তা আমলে নেননি রেফারি। সেই আক্রমণ থেকেই পাল্টা আক্রমণে যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।

ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন হাসান। তিনি বলেন, ‘আমাদের ভুল হতে পারে, কিন্তু সবচেয়ে বড় ভুল করেছেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিরা। আমরা আমাদের প্রাপ্যটা পাইনি।’

পরাজয়ের কষ্ট লুকাতে পারেননি মিশর কোচ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি হার পছন্দ করি না। বিশেষ করে এমন অন্যায্য পরাজয় হলে কষ্ট আরও বেশি লাগে। তবে সমর্থকদের বলব, হতাশ হবেন না। আমরা তাদের আনন্দ দিতে চেয়েছিলাম।’

বিতর্কের মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তার মতে, খেলোয়াড়রা ম্যাচ পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করেছে এবং কঠোর পরিশ্রম করেছে।

ম্যাচে রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মিশর। সেই কৌশলে শুরুতেই দুই গোলের লিড নেয় দলটি। প্রথমার্ধে গোলরক্ষক মোস্তফা শোবেইরের একাধিক দুর্দান্ত সেভ আর্জেন্টিনাকে চাপে রাখে।

দেশীয় লিগের খেলোয়াড়দের নিয়েই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করায় গর্ব প্রকাশ করেন হাসান। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড় দেশীয় লিগে খেলে। তবুও মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশ ছাড়া প্রায় পুরোপুরি স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আমরা সমানতালে লড়েছি। এতে আমি সন্তুষ্ট।’