খেলা
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে। শেষ চারে জায়গা করে নিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। আক্রমণভাগে দারুণ ফর্মে থাকা বেলজিয়ামের সামনে এবার বড় চ্যালেঞ্জ স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ।
টুর্নামেন্টের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও নকআউট পর্বে এসে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর ডোমেনিকো টেডেসকোর শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন চার্লস ডি কেতেলারে। বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুও। বিশেষ করে লুকাকু চলতি আসরে বদলি হিসেবে নেমেই তিনটি গোল করে নজর কাড়ছেন।
পরিসংখ্যান বলছে, বেলজিয়ামের আক্রমণভাগ এখন বেশ ধারালো। চলতি বিশ্বকাপে তাদের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর তাদের অন্যতম সেরা। প্রতি ম্যাচে গড়ে ২১টির বেশি শট নেওয়া দলটির আক্রমণাত্মক মানসিকতার প্রমাণ বহন করে।
তবে এই শক্তিশালী আক্রমণের সামনে রয়েছে স্পেনের লৌহকঠিন রক্ষণ। শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টানা ছয় ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড গড়েছে স্পেন। বিশ্বকাপে দীর্ঘ সময় গোল হজম না করার কৃতিত্বও দেখিয়েছে তারা।
আক্রমণেও পিছিয়ে নেই স্পেন। ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল তার ড্রিবলিং দক্ষতায় ইতোমধ্যে আলোচনায়। মাঝমাঠে রদ্রির নিখুঁত পাসিং স্পেনের খেলায় এনে দিয়েছে ভিন্ন মাত্রা। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে বড় আসরের নকআউট ম্যাচগুলোতে শতভাগ জয় পেয়েছে দলটি।
অতীত পরিসংখ্যানে দুই দলের লড়াই সমান হলেও সাম্প্রতিক সময়ে স্পেনই এগিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে তারা।
সবশেষে ডাটা বিশ্লেষণ করে সুপার কম্পিউটারও স্পেনকেই এগিয়ে রেখেছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ, বেলজিয়ামের ১৮.৩ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ। সব মিলিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে স্পেনের সম্ভাবনা প্রায় ৬৯.৫ শতাংশ।
তবে মাঠের লড়াইয়ে পরিসংখ্যান সবসময় শেষ কথা নয়। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের আক্রমণ আর স্পেনের রক্ষণের এই মহারণে শেষ হাসি কে হাসবে, তা জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।