খেলা

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো অটুট। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোববার সকালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই ম্যাচে জয় পেলে নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা।

তবে সম্ভাব্য ফাইনাল ঘিরে নতুন শঙ্কায় পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে উঠলে তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এ নিষেধাজ্ঞা আসতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে, যেখানে সময়সূচির জটিলতা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।

মূলত, মেসি এবারের মেজর লিগ সকার অল-স্টার ম্যাচের জন্যও নির্বাচিত হয়েছেন। আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যা সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালের প্রায় ১০ দিন পর। ফাইনালের মতো বড় ম্যাচের পর শারীরিক ও মানসিক ক্লান্তি কাটাতে বিশ্রামের প্রয়োজন হতে পারে মেসির।

সেক্ষেত্রে তিনি অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এমন সিদ্ধান্ত নিলে আবারও নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে। গত মৌসুমে অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছিল।

এবারও মেসির পাশাপাশি তার সতীর্থ রদ্রিগো দে পল এই ম্যাচের জন্য নির্বাচিত হয়েছেন। তবে বিশ্বকাপ ফাইনালের মতো বড় প্রতিযোগিতার পর বিশ্রামের যুক্তি থাকায়, আগের মতো শাস্তি নাও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এবারের অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে অবস্থিত ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টানা তৃতীয় মৌসুমে এবং গত ছয় আসরের মধ্যে পঞ্চমবারের মতো মেক্সিকোর লিগা এমএক্সের সেরা একাদশের বিপক্ষে খেলবে মেজর লিগ সকার অল-স্টার দল।

এই আসরে থমাস মুলার, সন হিউং মিন এবং লিওনেল মেসির মতো তারকাদের অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় এটি গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত হতে যাচ্ছে।

এদিকে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। কানসাস সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।