খেলা
ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাওয়াই হবে জন্মদিনের সেরা উপহার: লামিনে ইয়ামাল
১৯ বছরে পা দিয়েছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে তিনি চান ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে জয় এবং নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পর ইয়ামাল বলেছিলেন, স্পেন নয় বরং ফ্রান্সেরই তাদের ভয় পাওয়া উচিত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের সেই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না, আমি বলেছি না। আমরা ইউরোপীয় চ্যাম্পিয়ন। এটা শুধু ফুটবল।’
জন্মদিনে দলের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ পাওয়া এই তরুণ তারকা জানান, ম্যাচ নিয়ে তিনি কোনো বাড়তি চাপ নিচ্ছেন না এবং মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
এদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে। তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও সতর্ক তিনি। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্পেন।
তবে দে লা ফুয়েন্তে মনে করেন, গত দুই বছরে কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলেদের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স দল এখন আরও পরিণত ও শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুই পরাশক্তির এই হাইভোল্টেজ ম্যাচ। বল দখল ও ম্যাচের গতি নিয়ন্ত্রণে রেখে ফ্রান্সকে হারানোর পরিকল্পনা করছে স্পেন।