খেলা

এমএলএস অল-স্টার ম্যাচ খেলবেন না লিওনেল মেসি, কারণ হিসেবে যা জানা গেল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

এমএলএস অল-স্টার ম্যাচ খেলবেন না লিওনেল মেসি, কারণ হিসেবে যা জানা গেল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ততা শেষ হওয়ার পর লিওনেল মেসি সরাসরি ক্লাবে যোগ দেবেন এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজ শহর রোজারিওতে ফিরে যান এবং বুয়েন্স আয়ার্সে কয়েকটি স্থানীয় ম্যাচেও উপস্থিত থাকেন। টানা খেলার চাপ সামলে উঠতেই এবার এমএলএস অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। আগামী বুধবার (২৯ জুলাই) নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টারস ও মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ। তবে এই লড়াইয়ে ইন্টার মায়ামি-এর অধিনায়ক মেসিকে দেখা যাবে না।

মেসির পাশাপাশি অল-স্টার ম্যাচ থেকে বাদ পড়েছেন হুগো কুইপার্স, রদ্রিগো ডি পল এবং এমবেকেজেলি এমবোকাজিও। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

মেসির অনুপস্থিতিতে ম্যাচটির আকর্ষণ কিছুটা কমলেও এমএলএস ও লিগা এমএক্সের তারকাদের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়বে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার দুই শীর্ষ লিগের এই তারকাখচিত ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা রয়েছে তুঙ্গে।