খেলা

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ব্রাজিলিয়ান তারকা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ব্রাজিলিয়ান তারকা
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পরবর্তী ধাপ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবে থাকা, নতুন ঠিকানা খোঁজা কিংবা অবসর সবকিছুই আপাতত অনিশ্চিত রেখে দিয়েছেন তিনি। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় সে সময় পর্যন্ত অপেক্ষা করেই ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, এখনই অবসরের কথা ভাবছেন না। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি পূর্ণ করতে চান এবং এরপরই সিদ্ধান্ত নেবেন ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি খেলা ছেড়ে দেবেন।

নেইমার জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন এবং ধাপে ধাপে এগোতে চান। সামনে থাকা ম্যাচগুলোর দিকেই এখন তার পুরো মনোযোগ।

এদিকে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে বেলেমে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় পরের পর্বে উঠতে জয়ের বিকল্প নেই সান্তোসের। এই ম্যাচে খেলার জন্য নিজেকে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মজার ছলে নেইমার বলেন, দলের ভেতরের খবর অনেক সময় খেলোয়াড়দের আগেই সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়। তাকে বেঞ্চে রাখার খবর নিয়েও তিনি রসিকতা করেন। তবে সুযোগ পেলে মাঠে নেমে দলকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান এই তারকা।

এর আগে বিশ্বকাপ শেষে ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট পর্ব শেষে তিনি বলেন, জাতীয় দলে তার সময় শেষ হয়েছে বলে মনে করছেন।

তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র মনে করেন, সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। তার ভাষ্য, এটি ছিল ছেলের সেই সময়কার অনুভূতির প্রকাশ। সামনে আরও সময় থাকায় ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো রয়েছে।