খেলা

আমার ছেলে আমার চেয়েও শক্তিশালী ও বড় ফুটবলার হবে: রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

আমার ছেলে আমার চেয়েও শক্তিশালী ও বড় ফুটবলার হবে: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। এবার সেই পথেই এগিয়ে চলেছে তার ১৬ বছর বয়সী ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ছেলের পারফরম্যান্স ও শারীরিক গঠন দেখে রোনালদো মনে করছেন, ভবিষ্যতে জুনিয়র তার চেয়েও বড় ফুটবলার হতে পারে।

এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, তার ছেলেকে বর্তমান বয়সে নিজের সঙ্গে তুলনা করলে দেখা যায়, জুনিয়র শারীরিকভাবে আরও শক্তিশালী ও সুঠাম। তার ভাষায়, ‘আমি যখন ওর বয়সে ছিলাম, তার চেয়ে সে এখন আরও শক্তিশালী। আমার বিশ্বাস, সে আমার চেয়েও বড় ফুটবলার হবে।’ পাশাপাশি ছেলেকে সৎ ও ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তবে শুধুমাত্র প্রতিভা বা শারীরিক সক্ষমতা নয়, মানসিকতার বিষয়টিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রোনালদো। তার মতে, সাফল্য পাওয়ার তীব্র ইচ্ছা ও ক্ষুধা ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ।

ইতোমধ্যেই ইউভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রিশ্চিয়ানো জুনিয়রের। বর্তমানে সে সৌদি আরবের আল-নাসরের যুব দলের হয়ে খেলছে। আন্তর্জাতিক পর্যায়েও ২০২৫ সালে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং ২০২৬ সালে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে মাঠে নেমেছে সে।

বিশ্বমানের প্রশিক্ষণ ও সুবিধা পেলেও জুনিয়রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার বাবার অবিশ্বাস্য অর্জন। রোনালদোর ক্যারিয়ারে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ড। তার মতে, কঠোর পরিশ্রমে দক্ষতা বাড়ানো সম্ভব হলেও ফুটবলের প্রতি অদম্য তাড়নাই নির্ধারণ করবে জুনিয়রের ভবিষ্যৎ সাফল্য।