খেলা
দেশের সবচেয়ে বড় গেমিং টুর্নামেন্টের ঘোঘণা দিলো ফ্রি ফায়ার, পুরস্কার ৬৬ লাখ টাকা
বাংলাদেশের গেমিং জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫ (FFWS BD 2025)। গেমিং প্ল্যাটফর্ম গারেনা আয়োজিত এই প্রতিযোগিতাকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গেমিং টুর্নামেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) গারেনার পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতায় প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে ৬৬ লাখ টাকা।
আন্তর্জাতিকভাবে এই আয়োজন গেমারদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করছে, যেখানে বিজয়ী দলগুলো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল ২০২৫-এ।

প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হচ্ছে ১৮ আগস্ট। এখান থেকে বাছাই হয়ে মূলপর্বে অংশ নেবে ১৮টি দল। তারা পরবর্তী তিন সপ্তাহ ধরে বিভিন্ন ধাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৩ ও ৪ অক্টোবর।
গারেনা আরও জানিয়েছে, ইতোমধ্যে টিম আরএইচকে ও টিম জেবি সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। এসব দল নিয়ে গেমারদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। অনেকে মনে করছেন, এবারের আসরে এ দুই দল শিরোপার অন্যতম দাবিদার।
গেমিং বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং উদীয়মান গেমারদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার বড় সুযোগ। একই সঙ্গে দেশের ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।
গারেনা জানিয়েছে, অংশগ্রহণের জন্য আগ্রহী গেমাররা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। টুর্নামেন্টটি দেশের গেমিং সংস্কৃতিতে নতুন ধারা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।