খেলা

৯ গোলের বন্যায় শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে দুর্দান্ত সূচনা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম

৯ গোলের বন্যায় শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে দুর্দান্ত সূচনা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বপ্নের মতো সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কার জালে গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। ম্যাচের দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল, যা দলটির আক্রমণাত্মক কৌশলের পরিষ্কার প্রমাণ।

ম্যাচের শুরু থেকেই চমকে দেয় লাল-সবুজ শিবির। মাত্র এক মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তিন মিনিটের ব্যবধানে একক নৈপুণ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

৩৭ মিনিটে সিনহা জাহান শিখার বাড়ানো বল থেকে সাগরিকার নিখুঁত শটে আসে দলের তৃতীয় গোল। প্রথমার্ধে আরও দুটি গোল এলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন মুনকি আক্তার। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রসে বল জালে পাঠান সিনহা জাহান শিখা। এরপর ৫২ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডির এক একটি গোল ব্যবধান দাঁড় করায় ৯-১। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, লাইয়ানশিকার পা থেকে।

প্রথমে পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দেশ—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল হবে চ্যাম্পিয়ন।

আগামী ১৩ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে স্বাগতিক দল। ১৯ জুলাই ফের শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে আবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের রয়েছে গর্ব করার মতো সাফল্যের ইতিহাস। সর্বশেষ ২০২৪ সালের আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মোট পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যরা এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে, আর শুরুটা হয়েছে যেন স্বপ্নের মতো।