খেলা

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি
ছবিঃ সংগৃহিত

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কা হোক আর যা-ই হোক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের, চরমতম কঠিন সত্য এটিই। এর মাঝে বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। তবে আমিনুল ইসলামের দেশ ত্যাগের গুঞ্জন যে সঠিক নয় তা নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গুঞ্জন খন্ডন করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। মিরপুর মাঠ পরিদর্শনও করেছেন তিনি।

রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র তখনই দাবিটি নাকচ করে। তারা জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশেই আছেন আমিনুল ইসলাম বুলবুল। রয়েছেন রাজধানী ঢাকাতেই, কিছুক্ষণের মধ্যেই যাবেন মিরপুরে বিসিবির অফিসে।