খেলা

ভবিষ্যতে তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট উপকৃত হবে: সাকিব


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

ভবিষ্যতে তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট উপকৃত হবে: সাকিব
ছবিঃ সংগৃহিত

ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের নতুন দায়িত্ব প্রসঙ্গে সাকিব আল হাসান সম্প্রতি বলেছেন, ‘তামিম এখনও নির্বাচিত হয়ে আসেননি, তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে লাভবান হবে বলে আমি মনে করি।’

সাকিব বলেন, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে (ওয়ানডে সিরিজে) হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিপদে আছেন সাকিব। ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। খুনের মামলায়ও তাকে আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন হলো বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন সাকিব।

অন্যদিকে তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে; তামিমকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব পাওয়ার পর থেকে তিন মাসের মধ্যে তামিম ইকবালকে বিসিবির নির্বাচন আয়োজন করতে হবে।