খেলা
১০ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে রোনালদো-জর্জিনা
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এই জুটির সংসারে রয়েছে পাঁচ সন্তান, যার মধ্যে দুজনের মা জর্জিনা। এবার আনুষ্ঠানিকভাবে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।
স্পেনের জনপ্রিয় সাময়িকী **হোলা**-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জর্জিনা ইতোমধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী সেপ্টেম্বরে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।
গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন জর্জিনা এবং রোনালদোর দেওয়া মূল্যবান হীরার আংটির ছবিও শেয়ার করেছিলেন। পরে এক সাক্ষাৎকারে রোনালদো রসিকতা করে বলেছিলেন, “বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের অনুষ্ঠানে যেতে পারব।”
বিশ্বকাপ চলাকালে বিয়ের গুঞ্জন নিয়ে রোনালদো বা জর্জিনা কেউই মুখ না খুললেও প্রতিবেদনটিরও প্রতিবাদ করেননি। ফলে অনেকের ধারণা, বিয়ের পরিকল্পনার খবর পুরোপুরি ভিত্তিহীন নয়।
ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ৪১ বছর বয়সী রোনালদো এবার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে পারেন। আর এই সম্ভাবনাই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।