খেলা

বিশ্বকাপ থেকে বাদ পরলেও গ্যালারি পরিষ্কার করতে ভুলেনি জাপানি সমর্থকরা  


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪৭ এএম

বিশ্বকাপ থেকে বাদ পরলেও গ্যালারি পরিষ্কার করতে ভুলেনি জাপানি সমর্থকরা  
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে ব্রাজিলের কাছে নাটকীয় হারে বিদায় নিতে হলেও নিজেদের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকেরা। ম্যাচ শেষে হিউস্টনের স্টেডিয়ামের গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তারা।

গতকাল সোমবার (২৯ জুন) ব্রাজিল-জাপান ম্যাচ শেষে হাতে থাকা নীল রঙের ব্যাগ নিয়েই গ্যালারির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বোতল, কাগজ ও অন্যান্য আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে দেখা যায় জাপানি সমর্থকদের। পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন জানাতে যে ব্যাগ ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষেই সেটিই পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করেন তারা।

বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে নিজেদের প্রথম আসর থেকেই তারা প্রতিটি ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করার ঐতিহ্য ধরে রেখেছেন। গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই এই ব্যতিক্রমী সংস্কৃতির মাধ্যমে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে দেশটির সমর্থকেরা।

মাঠের খেলায় অবশ্য শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে জাপানের। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় ব্লু সামুরাইরা। তবে দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের নকআউট পর্বে এখনও জয়হীন জাপান। তবে মাঠের ফলাফল যাই হোক না কেন, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার অসাধারণ সংস্কৃতি বজায় রেখে আবারও সারা বিশ্বের মন জয় করেছেন দেশটির সমর্থকেরা।