খেলা

ফিফা বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড, আকাশছোঁয়া এমবাপ্পে 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

ফিফা বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড, আকাশছোঁয়া এমবাপ্পে 
ছবিঃ সংগৃহীত

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যুক্তরাষ্ট্রের বোস্টনে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করে তিনি স্পর্শ করেছেন একাধিক অনন্য মাইলফলক। যদিও ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করেছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোলে এমবাপ্পে বিশ্বকাপে পেনাল্টি ছাড়া গোলের সংখ্যায় লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। দুজনেরই এখন পেনাল্টি ছাড়া ১৭টি করে গোল। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

এবারের বিশ্বকাপে এমবাপ্পের রেকর্ডযাত্রা শুরু হয় সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই। ওই ম্যাচে গোল করে তিনি অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার আসনে বসেন। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক গোল এখন ৬৪টি, যেখানে জিরুর গোলসংখ্যা ৫৭।

একই ম্যাচে তিনি ১৯৫৮ বিশ্বকাপে জ্যঁ ফন্তেইনের গড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডও ভেঙে দেন। চলতি আসরে আরও ছয়টি গোল যোগ করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন তিনি।

নকআউট পর্বেও সমান উজ্জ্বল এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন, পেছনে ফেলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো ও লিওনিদাসকে। এরপর প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষেও গোল করে নকআউট পর্বে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে।

মরক্কোর বিপক্ষে উসমান দেম্বেলের গোলে অ্যাসিস্ট করে এমবাপ্পে আরও একটি বিরল কীর্তি গড়েন। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে তিনি দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি সরাসরি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) অবদান রাখার রেকর্ড গড়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করার পর এবারও সেই কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন তিনি।

এছাড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও সাবেক অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিসের পাশে উঠে এসেছেন এমবাপ্পে। দুজনেরই বিশ্বকাপে ম্যাচসংখ্যা এখন ২০। আগামী সপ্তাহের সেমিফাইনালে মাঠে নামলেই লরিসকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হওয়ার সুযোগ থাকবে ফরাসি তারকা ফরোয়ার্ডের।

সূত্র: আল জাজিরা