খেলা

বিশ্বকাপ জয়ের দৌড়ে ফ্রান্স এগিয়ে, আর্জেন্টিনা পিছিয়ে: সুপারকম্পিউটার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১৬ এএম

বিশ্বকাপ জয়ের দৌড়ে ফ্রান্স এগিয়ে, আর্জেন্টিনা পিছিয়ে: সুপারকম্পিউটার
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ১০০টি ম্যাচ শেষ। বাকি শুধু সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগেই এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল অপটার সুপারকম্পিউটার। এবার ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রকাশ করেছে সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাস।

অপটার বিশ্লেষণে এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ফরাসিদের ৫৭.৭ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।

এবারের বিশ্বকাপে এমবাপ্পে করেছেন ৮টি এবং দেম্বেলে ৫টি গোল। ২০০২ সালে ব্রাজিলের রোনালদো ও রিভালদোর পর প্রথমবারের মতো একই বিশ্বকাপে একটি দলের দুই খেলোয়াড় ৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছে ফ্রান্স। অবশ্য ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামও ৬টি করে গোল করে একই তালিকায় নাম লিখিয়েছেন।

ফ্রান্সের সেমিফাইনাল প্রতিপক্ষ স্পেন। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অপটার হিসাবে ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ড সামান্য এগিয়ে। থ্রি লায়ন্সদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সবচেয়ে কম সম্ভাবনাময় দল হিসেবে দেখছে সুপারকম্পিউটার। লিওনেল মেসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.১ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ২০.৬ শতাংশ।

তবে ফুটবলের সৌন্দর্যই হলো—পরিসংখ্যান সম্ভাবনার কথা বলে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় মাঠের খেলায়। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাস বাস্তবে মিলবেই, এমন কোনো নিশ্চয়তা নেই।