খেলা
গ্যালারিতে বসেই আল নাসরের হার দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো
প্রীতি ম্যাচে অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একদিকে তিনি খেলেন সৌদি ক্লাব আল নাসরে, অন্যদিকে প্রতিপক্ষ আলমেরিয়ার আংশিক মালিকও তিনি। শেষ পর্যন্ত গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের ২-০ গোলের জয় এবং আল নাসরের পরাজয়ই দেখলেন পর্তুগিজ মহাতারকা।
গতকাল মঙ্গলবার (০৪ আগস্ট) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়া দ্বিতীয়ার্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে। ৫১ মিনিটে দাইজিরো চিরিনো গোল করে দলকে এগিয়ে দেন। ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ান এমবারবা।
রোনালদো এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। তবে গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন এবং শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা রয়েছে রোনালদোর প্রতিষ্ঠান সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টসের। বাকি ৭৫ শতাংশ মালিকানা সৌদি মিডিয়া কোম্পানি এসএমসি গ্রুপের হাতে।
০২ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সাদিও মানে ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামায় আল নাসর। তবে তাতেও ম্যাচে ফিরতে পারেনি সৌদি ক্লাবটি; শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলমেরিয়া।