খেলা

ফুটবলকে বিদায় বললেন ইতালির স্ট্রাইকার সিরো ইমোবিল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

ফুটবলকে বিদায় বললেন ইতালির স্ট্রাইকার সিরো ইমোবিল
ছবিঃ সংগৃহীত

ফুটবলকে বিদায় জানিয়েছেন ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল। ৩৬ বছর বয়সে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

গত মৌসুমের শীতকালীন দলবদলের শেষ দিকে বোলোনিয়া থেকে ফ্রি ট্রান্সফারে প্যারিস এফসিতে যোগ দিয়েছিলেন ইমোবিল। আরও এক মৌসুম খেলার প্রস্তুতি থাকলেও হঠাৎ করেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

ক্লাব সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানানোর সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ইমোবিল। তিনি বলেন, জীবনের একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি টানার মুহূর্তটি তার জন্য অত্যন্ত কঠিন। পরিবারকে আরও সময় দেওয়ার প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ইমোবিলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সাফল্যগুলোর একটি আসে ২০১৯-২০ মৌসুমে। লাৎসিওর হয়ে সে মৌসুমে ৩৬ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন তিনি। এর মাধ্যমে টানা তিন বছর লিওনেল মেসির দখলে থাকা এই পুরস্কারের রাজত্বের অবসান ঘটান ইতালিয়ান এই স্ট্রাইকার।

সেরি আ-তে ইমোবিলের রয়েছে ২০১ গোল। ইতালির হয়ে ইউরো ২০২০ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্লাব ক্যারিয়ারে লাৎসিও, বরুশিয়া ডর্টমুন্ড ও বেসিকতাসের হয়ে শিরোপা জিতেছেন তিনি। এছাড়া জুভেন্টাস, জেনোয়া, তোরিনো ও সেভিয়ার হয়েও খেলেছেন এই ফরোয়ার্ড।

সেরি আ-তে চারবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা ইমোবিলের ক্যারিয়ারে রয়েছে প্রায় ৬৫০ ম্যাচ ও ৩২০-এর বেশি গোল।

প্যারিস এফসি এক বিবৃতিতে ইমোবিলকে ‘কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করে বলেছে, অসাধারণ ক্যারিয়ারের মাধ্যমে তিনি একাধিক প্রজন্মের ফুটবলপ্রেমীর মনে গভীর ছাপ রেখে গেছেন।