বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
সংসদে ব্যবহৃত সেই হেডফোনের দাম প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের কোয়ালিটির সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। এদিন সংসদ চলাকালে অনেকেই দাবি করেছেন, তাদের হেডফোন সঠিকভাবে কাজ করছে না।
মূলত কারিগরি সীমাবদ্ধতা ও শব্দের নিম্নমানের কারণেই সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে অধিবেশনে দাবি করা হয়।
সংসদে ব্যবহৃত এই হেডফোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত Shure ব্র্যান্ডের ‘SRH240A’ মডেলের। এই কোম্পানি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের জন্য পরিচিত।
Shure ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়, SRH240A মডেলটি তাদের সস্তা হেডফোনগুলির মধ্যে একটি। ই-কমার্স কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটে এই হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা।
অন্য মডেলের মধ্যে রয়েছে ‘AONIC 50 GEN 2’ ৩৮৯ ডলারে, ‘SRH840A’ ১৬৯ ডলারে, ‘SRH440A’ ১০৯ ডলারে, ‘SRH1540’ ৫০০ ডলারে এবং ‘SRH1840’ ৫৪৯ ডলারে বিক্রি হচ্ছে। এসবের বাংলাদেশি মূল্য যথাক্রমে ৪৭ হাজার ৭৫০ টাকা, ২০ হাজার ৭৩৭ টাকা, ১৩ হাজার ৩৭৪ টাকা, ৬১ হাজার ৩৭৫ টাকা ও ৬৭ হাজার ৩৩২ টাকা।